শিরোনাম

ডিসেম্বরে ১.৩১ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে দ্বিতীয় ধাপে ৬৮৯ মিলিয়ন মার্কিন ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে ১ দশমিক ৩১ বিলিয়ন ডলার পাওয়া যাবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এই অর্থ যোগ হবে। ফলে বিদেশি কারেন্সির সঞ্চায়ন আরও শক্তিশালী হবে।

বুধবার (১৩ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এই সম্মেলন আয়োজিত হয়।

গত মঙ্গলবার বাংলাদেশের জন্য ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে আইএমএফ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংস্থাটির নির্বাহী পর্ষদের সভায় এই কিস্তির ডলার ছাড়ের অনুমোদন দেয়া হয়। 

মেজবাউল হক বলেন, আইএমএফ ঋণের পাশাপাশি আগামী সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে ৪০০ মিলিয়ন ডলার ঋণ পাবে বাংলাদেশ। চলতি ডিসেম্বরের মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে আরও ৯০ মিলিয়ন ডলার এবং অন্যান্য উৎস থেকে ১৩০ মিলিয়ন ডলার আসবে। ফলে রিজার্ভ আরও বাড়বে।

আইএমএফ মনে করছে, আগামীতে বাংলাদেশের মূল্যস্ফীতির হার এখনকার তুলনায় কমবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও বাড়বে। আইএমএফের নির্বাহী পর্ষদের সভায় ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের পর কেন্দ্রীয় ব্যাংক এমন মূল্যায়ন তুলে ধরে।

উল্লেখ্য, আইএমএফের তথ্য অনুযায়ী, গত ৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯ দশমিক ১৩ বিলিয়ন ডলার। চলতি অর্থবছর শেষে দেশের মূল্যস্ফীতি ৭ দশমিক ২৫ শতাংশ প্রাক্কলন করেছে আইএমএফ। বর্তমানে যা আছে ৯ শতাংশের ওপরে।


No comments