‘দুর্যোগপূর্ণ’ বাতাসে ঢাকাবাসীর সকাল শুরু | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
ক্রমেই বাড়ছে ঢাকার বায়ুদূষণ। সবচেয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় আজ রাজধানীর অবস্থান শীর্ষ দুইয়ে। শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে প্রতিবেশী দেশ ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ৩৯২। অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ। এরপরই ৩০৪ স্কোর নিয়ে দ্বিতীয় নম্বরে রয়েছে রাজধানী ঢাকা। এর অর্থ ঢাকার বায়ুর মানও বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ। এছাড়া তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানকার বাতাসের মানের স্কোর ২৬৭, যা খুবই অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। পাশাপাশি সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। এছাড়া স্কোর ২০১ থেকে ৩০০ হলে বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর স্কোর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ দিনদিন আরও ভয়ংকর হয়ে উঠছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কোটি কোটি মানুষের জীবন। গবেষণা বলছে, বৈশ্বিক বায়ুদূষণের হটস্পট হয়ে উঠেছে দক্ষিণ এশিয়া। বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত চারটি দেশ এবং দূষণের শীর্ষে থাকা ১০ শহরের মধ্যে নয়টির অবস্থানই এ অঞ্চলে।
No comments