পাঁচবিবিতে পল্লী বিদ্যুৎ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ছাতা মার্কার জয় | Bogura TV | বগুড়া টিভি
জয়পুরহাটের পাঁচবিবিতে উৎসবমুখর পরিবেশে জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অবশেষে ১হাজার২৯ ভোটের ব্যবধানে ছাতা মার্কার প্রার্থী মোঃ রফিকুল ইসলাম মাস্টার নির্বাচিত হয়েছে।
জানা যায়, পাঁচবিবি পৌরসভা,বালিঘাটা, বাগজানা, ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়ন সমন্বয়ে গঠিত ৫ নং এলাকার পরিচালক পদে এবারে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলো, আব্দুর রশিদ ফকির মাস্টার চেয়ার মার্কা ও মোঃ রফিকুল ইসলাম মাস্টার ছাতা মার্কা।
শনিবার পাঁচবিবি এল বি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কক্ষগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দীর্ঘ ৬ ঘন্টা ভোটগ্রহণ চলে। গত বারের তুলনায় এবারে ভোটারের সংখ্যা বেড়েছে। বর্তমানে ভোটারের সংখ্যা ৩৭ হাজার ৪৭৯ জন।
সকাল থেকে দলে দলে এসে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে দেখা গেছে ভোটারদের।জয়পুরহাট-১ আসনের এমপি আলহাজ্ব অ্যাডভোকেট সামছুল আলম দুদু দুপুরে কেন্দ্রে আসেন, নির্বাচনের খোঁজখবর নেন এবং তার মূল্যবান ভোট প্রয়োগ করেন। এছাড়াও দুপুরে প্রার্থী সমর্থকদের মধ্যে মারামারি, হট্টগোল,জাল ভোট প্রয়োগ ও তার ভোটারদের কার্ড থাকা সত্ত্বেও কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন ছাতা মার্কার প্রার্থী ও সমর্থকরা।
নির্বাচন কেমন হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে ডেপুটি ডাইরেক্টর ও জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির রিটার্নিং অফিসার মোঃ আবুল খায়ের বলেন,নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে, কোন সমস্যা নেই। সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণায় ছাতা মার্কার প্রার্থী মোঃ রফিকুল ইসলামের জয় নিশ্চিত করেন তিনি।
ছাতা মার্কা পেয়েছে ২ হাজার ১শত ৬৬ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ ফকির মাস্টার চেয়ার মার্কা পেয়েছে ১ হাজার ১শত ৩৭ ভোট। অবশেষে ১হাজার ২৯ ভোটের ব্যবধানে জয় হল ছাতা মার্কার।

No comments