শিরোনাম

বেলারুশের ৭ ব্যক্তি ও ১১ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ঘনিষ্ট মিত্র বেলারুশের ১১ প্রতিষ্ঠান ও সাত ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মস্কোর চালানো অন্যায্য যুদ্ধে সহায়তা করাসহ বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কোর নেতৃত্বাধীন সরকারের ওপর চাপ অব্যাহত রাখতে নতুন করে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) মার্কিন অর্থবিভাগ বা ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এমনটি জানানো হয়েছে। 

ওয়াশিংটনের অভিযোগ, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্টমিত্র লুকাশেঙ্কোর সরকার দেশটির গণতন্ত্রপন্থী বেসামরিক নাগরিক ও সমাজের ওপর দমন-পীড়ন চালাচ্ছে, তার পরিবারের সদস্যরা আর্থিক দুর্নীতিতে জড়িত এবং ইউক্রেনের ওপর রাশিয়ার অন্যায্য যুদ্ধে শুরু থেকেই বেলারুশের সমর্থন ও সামরিক সহায়তা রয়েছে। আর এসব কর্মকাণ্ডের জন্য লুকাশেঙ্কো সরকারকে জবাবদিহির আওতায় আনতে মার্কিন অর্থ বিভাগের আওতাধীন বিদেশি সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয় বা ট্র্যাজারির অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল থেকে নতুন নিষেধাজ্ঞা ঘোষিত হয়।

একই দিন মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়ে বেলজিয়ামসহ কয়েকটি দেশের ১১টি প্রতিষ্ঠান এবং সাত ব্যক্তি। রাশিয়ার সামরিক বাহিনী ও ইউক্রেন আক্রমণে সহযোগিতাকারী হিসেবে এদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ বা ট্রেজারি ডিপার্টমেন্ট।

অর্থ বিভাগের আওতাধীন অফিস অব ফরেন অ্যাসেট কন্ট্রোল স্থানীয় সময় মঙ্গলবার (৬ ডিসেম্বর) জানিয়েছে বেলজিয়ামভিত্তিক হ্যান্স দে গিতিরের নেতৃত্বে পরিচালিত নেটওয়ার্কটি এই নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু। এ নেটওয়ার্কের নয়টি প্রতিষ্ঠান এবং পাঁচ ব্যক্তি রাশিয়া, বেলজিয়াম, সাইপ্রাস, সুইডেন, হংকং এবং নেদারল্যান্ডস জুড়ে কার্যক্রম পরিচালনা করে। তাদের বিরুদ্ধে রাশিয়ার জন্য সামরিক সরঞ্জাম সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। 


No comments