বগুড়ায় লাঙ্গলের নির্বাচনী জনসভায় প্রিজাইডিং অফিসার | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়া-২ আসনে জাতীয় পার্টি (জাপা) মনোনীত প্রার্থী ও বর্তমান সাংসদ শরিফুল ইসলাম জিন্নাহর নির্বাচনী প্রচারণায় আমিনুল ইসলাম হেলাল নামে এক প্রিজাইডিং অফিসার অংশ নিয়েছেন।
যানাগেছে, নির্বাচনী আলোচনা অনুষ্ঠানে
শিবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত বগুড়া-২ আসনে অন্তর্ভুক্ত চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আমিনুল ইসলাম হেলালকে দেখা গেছে। তিনি একই উপজেলার আটমুল ইউনিয়নের পাতাহার গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিবগঞ্জ বন্দরে জাতীয় পার্টির নির্বাচনী অফিস উদ্বোধনের সময় দলটির সংসদ সদস্য প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ উপস্থিত ছিলেন। এ সময় আমিনুল ইসলাম হেলাল তাঁর পাশে বসে লাঙ্গল মার্কার পক্ষে ভোট চেয়ে বক্তব্য দেন। তার বক্তব্যের ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।
এতে আমিনুল ইসলামকে বলতে শোনা যায়, শিবগঞ্জ উপজেলার মানুষ জিন্নাহ ভাইকে এমপি হিসেবে পেয়ে ধন্য মনে করছে। পরপর দুইবারের সফল সংসদ সদস্য জিন্নাহ ভাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও মহাজোট থেকে মনোনীত করেছেন। জিন্নাহ ভাই এমপি না হলে শিবগঞ্জের আপামর জনতার উন্নতি হতো না। তাই শিবগঞ্জের সকল দল-মতের মানুষ আগামী ৭ তারিখ জিন্নাহ ভাইকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে। আমরা সর্বাত্মকভাবে তার পাশে আছি।
এ বিষয়ে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কারও প্রার্থীর হয়ে ভোট করার সুযোগ নেই। শিবগঞ্জে প্রিজাইডিং অফিসারের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের সত্যতা পেয়েছি। ইতোমধ্যে তার বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে শরিফুল ইসলাম জিন্নাহ এমপিকে একাধিক বার ফোন করলেও তিনি কল রিসিভ করেননি।

No comments