এমপির ব্যক্তিগত সহকারীর গাড়ি ও নৌকা প্রতীকের অফিস ভাঙচুর | Bogura TV | বগুড়া টিভি
বসির আহাম্মেদ ( ঝিনাইদহ ) প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে নৌকা প্রতীকের অফিস ও প্রার্থী তাহজীব আলম সিদ্দিকী সমির ব্যক্তিগত সহকারী রওশন আলীর প্রাইভেট কার ভাঙচুর করেছে স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী মহুলের কর্মী ও সমর্থকরা। শনিবার রাতে উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের আড়–য়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় শাহিনুর রহমান মজনু নামের নৌকা প্রতীকের আরও এক সমর্থককে মারধর ও তার ব্যবহৃত মোটরসাইকেলও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
রওশন আলী জানান, রাতে তিনি ওই ইউনিয়নের সোহাগপুর গ্রামে একটি নির্বাচনী সভায় যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন। পথে আড়–য়াকান্দি গ্রামে পৌছালে ঈগল প্রতীকের প্রার্থীর সমর্থক ও একই ইউনিয়নের চেয়ারম্যান বসির উদ্দিন ও তার ভাগনে আরিয়ান রাফির নেতৃত্বে ৪০/৫০ জন দুর্বৃত্ত তার গাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও ভাঙচুর করে। তাকে হত্যার উদ্দ্যেশে এই হামলা করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।
ইউপি চেয়ারম্যান বসির উদ্দিন জানান, তারা শনিবার রাতে একই ইউনিয়নের চ্যঙের মোড় বাজারে স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের সমর্থনে নির্বাচনী সভা করছিলেন। তখন নৌকা প্রতীকের সমর্থকেরা সেখানে হামলা করে মাইক ভাঙচুর করে। এ ঘটনার জেরে উত্তেজিত হয়ে তার সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থীর ব্যক্তিগত সহকারীর গাড়ি ভাঙচুর করেছে। তবে তিনি এই ভাঙচুরের সাথে জড়িত ছিলেন না।
সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) অমিত কুমার বর্মন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের আইনের আওতায় আনা হবে।

No comments