শিরোনাম

ভারতকে ‘কাঁদানো’ সেই অজি ক্রিকেটারকে রেকর্ড মূল্যে কিনলো হায়দরাবাদ | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

এবারের আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক প্যাট কামিন্সের প্রতি সবার যে বাড়তি নজর থাকবে সেটা আগে থেকেই অনুমেয় ছিল। বিশ্বকাপ ফাইনালে ভারতের গুরুত্বপূর্ণ দুই ব্যাটার বিরাট কোহলি ও আয়ারকে ফিরিয়ে সমর্থকদের ‘কাঁদানো’ সেই কামিন্সকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আইপিএল ইতিহাসের রেকর্ড মূল্যে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। 

আইপিএলের নিলামে বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সেখান থেকে মূল্য ক্রমাগত বৃদ্ধি পেয়ে শেষ পর্যন্ত অজি এই অধিনায়ককে ২০ কোটি ৫০ লাখ রুপিতে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার ছিলেন ইংল্যান্ডের স্যাম কারান। পাঞ্জাব কিংস তাকে ১৮ কোটি ৫০ লক্ষ রুপিতে কিনেছিল। ইংল্যান্ডের কারানকে টপকেও আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়ার রেকর্ড গড়লেন কামিন্স। 

কামিন্সকে নিতে গুরুতেই আগ্রহ প্রকাশ করে চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই দুই দলের লড়াইয়ে কামিন্সের দাম ৬ কোটি উঠলে লড়াই থেকে সরে যায় মুম্বাই। মুম্বাই সরে গেলে সেখানে কামিন্সকে কেনার লড়াইয়ে যুক্ত হয় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। চেন্নাইয়ের সঙ্গে সমানতালে লড়াই চালিয়ে যায় তারা। 

চেন্নাই-বেঙ্গালুরুর লড়াইয়ে কামিন্সের দাম ১৩ কোটি টাকা উঠলে সরে দাঁড়ায় চেন্নাই। এরপর হায়দরাবাদ যোগ দেয় কামিন্সকে কেনার লড়াইয়ে। বেঙ্গালুরু-হায়দরাবাদ,  দু’দলের কেউই হাল ছাড়তে চাইছিল না। আর তাতে তর তর করে দাম বাড়ছিল সদ্য বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের। 

শেষ পর্যন্ত কামিন্সের দাম ২০ কোটি ছাপিয়ে গেলে সরে দাঁড়ায় বেঙ্গালুরু। ২০ কোটি ৫০ লক্ষ রুপিতে কামিন্সকে কিনে রেকর্ড গড়েন হায়দরাবাদের মালিক কাব্য মারান। এর আগে, অলরাউন্ডার ক্যাটাগরিতে নাম উঠেছিল ওয়ানিন্দু হাসারাঙ্গার। দেড় কোটি রুপিতে তাকে দলে নেয় হায়দরাবাদ। 

No comments