বগুড়ায় গোসলের ভিডিও ধারণ করে টাকা দাবি, দুই যুবক গ্রেপ্তার | Bogura TV | বগুড়া টিভি
আজাদুর রহমানঃ
বগুড়ায় র্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুর ২ টার দিকে জেলার গাবতলী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই দুইজন হলো- বগুড়ার সোনাতলা উপজেলার নওদাবগা এলাকার লাবলু মিয়ার ছেলে আব্দুল মমিন (২১) ও বাদল প্রামাণিকের ছেলে রুস্তম আলী (২২)।
রোববার রাতে র্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৭ ডিসেম্বর আসামি আব্দুল মমিন তার সহযোগীদের নিয়ে ভিকটিমের গোসলের ভিডিও ফোনে ধারণ করে। এরপর তারা ভিকটিমের মোবাইল ফোনে সেই ভিডিও পাঠায় এবং ৫০ হাজার টাকা না দিলে ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।
এই ঘটনার পর রোববার (১০ ডিসেম্বর) ভিকটিম গাবতলী থানায় আসামিদের নামে একটি অভিযোগ দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযোগ পাওয়ার পর র্যাবের একটি চৌকশ টিম অভিযানে নামে। পরে ওইদিন দুপুরে গাবতলী এলাকা থেকে আসামি মমিন ও তার সহযোগী রুস্তম আলীকে গ্রেপ্তার করা হয়।
র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।

No comments