শিরোনাম

বিকেলে গ্রেফতার, রাতেই থানা-হাজতে লাশ হলেন যুবক | Bogura TV | বগুড়া টিভি

বিকেলে গ্রেফতার, রাতেই থানা-হাজতে লাশ হলেন যুবক

বগুড়া টিভি ডেস্কঃ

হবিগঞ্জের বানিয়াচং থানাহাজতের ভেতর থেকে গোলাম রাব্বানী (২৫) নামে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পড়নের কাপড় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ওই আসামি ‘আত্মহত্যা’ করেন বলে জানিয়েছে পুলিশ। 

গোলাম রাব্বানী বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে। বানিয়াচং সার্কেলের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার বিকেলে বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে থানাহাজতে রাখা হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

হাজতের ভেতরে থাকা আসামি কীভাবে গলায় ফাঁস দেন জানতে চাইলে তিনি বলেন, পড়নে থাকা গেঞ্জিসহ কাপড় দিয়ে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

No comments