মারা গেল লাখ টাকার গরু, চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে চোরের মৃত্যু | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি'র ডেস্কঃ
চুরি করা গরু নিয়ে পালানোর সময় ট্রাক উল্টে ঘটনাস্থলেই নিহত হয়েছে চোর। দুর্ঘটনায় মারা গেছে লাখ টাকা মূল্যের গরুও। সোমবার (৪ ডিসেম্বর) ভোর রাতে জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের মেলান্দহের মেকারবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত গরু চোর হাবিবুর রহমান হবির বাড়ি বকশীগঞ্জ উপজেলার নতুন টুপকারচর গ্রামে। আহতরা হলেন- শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া এলাকার মৃত তারা মিয়ার ছেলে নাসির আহমেদ (২৮) ও শ্রীবরদী বালিয়াচন্টি গ্রামের চান মিয়ার ছেলে উকিল মিয়া (২৮)। গরু চুরির অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরে ইসলামপুরের মলমগঞ্জ শশারিয়া বাড়ি এলাকার বাবুল মিয়ার দুইটি মহিষ ও মেলান্দহ থেকে দুইটি মহিষ ও মেলান্দহ পাঁচুরপাড়া এলাকার আব্দুল্লাহর চারটি গরু চুরি করে একটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিল চোর চক্র।
ট্রাকটি মেলান্দহের মেকার বাড়ি এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়িতে ঢুকে উল্টে যায়। এতে ওই বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় গরু চোর হবিবুর রহমান। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় অপর দুই চোর নাসির ও উকিলকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা। খবর পেয়ে মেলান্দহ থানা পুলিশ এসে ট্রাক ও গরু উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আহত ওই দুই চোরকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মেলান্দহ থানায় নিয়মিত মামলা হয়েছে।

No comments