জ্ঞানবাপী মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ে মুসলিমদের সব আবেদন খারিজ| Bogura TV | বগুড়া টিভি
ভারতের উত্তরপ্রদেশের বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির ও জ্ঞানবাপী মসজিদের জমির মালিকানা বিরোধ মামলায় মসজিদ কর্তৃপক্ষ ও উত্তর প্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের সব আবেদন খারিজ করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ওই সব দেওয়ানি মামলার আবেদন খারিজ করেন বিচারপতি রোহিত রঞ্জন আগরওয়াল। সেই সঙ্গে আগামী ছ’মাসের মধ্যে বারাণসী আদালতকে মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দেন বিচারপতি। রায়ে মসজিদের জায়গায় মন্দির প্রতিষ্ঠা ও পূজার অনুমতি দেয়া হয়। খবর এনডিটিভি।
বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির লাগোয়া জ্ঞানবাপি মসজিদ হিন্দুধর্মাবলম্বীদের উপাসনালয় মন্দির ভেঙে তৈরি করা হয়েছে এমন দাবি হিন্দু সম্প্রদায়ের একাংশের। দাবিতে বলা হয় মসজিদের জায়গায় মন্দির প্রতিষ্ঠা ও পূজার অনুমতি দিতে হবে। সেই দাবি আদায়ে নিম্ন আদালতে মামলা করা হয়।
পাল্টা মামলা করা হয় মসজিদ কর্তৃপক্ষের তরফে। তাদের দাবি ছিল, ১৯৯১ সালে কেন্দ্রীয় ধর্মস্থান আইন অনুযায়ী ওই মামলা খারিজ করা হোক। হাইকোর্ট সেই দাবি নাকচ করে জানিয়েছে, ১৯৯১ সালে বারাণসীর নিম্ন আদালতে যে দেওয়ানি মামলা করা হয়েছিল, আগামী ছয় মাসের মধ্যে তার নিষ্পত্তি করতে হবে।
১৯৯১ সালে বিতর্কিত স্থলে ‘ভগবান আদি বিশ্বেশ্বর বিরাজমান’–এর পক্ষে এক আবেদনে পূজার অনুমতি চেয়ে বারাণসী নিম্ন আদালতে মামলা করা হয়। সেই মামলা চ্যালেঞ্জ করে মসজিদ কর্তৃপক্ষ ও সুন্নি ওয়াকফ বোর্ড। তাদের দাবি ছিল, ওই মামলা ১৯৯১ সালের ধর্মস্থান আইনের পরিপন্থী।

No comments