কর্মস্থল থেকে ফেরা হলো না ব্যাংক কর্মকর্তার | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
জামালপুরে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় আনিসুর রহমান (৩৬) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি জামালপুরের জামতৈল বাজার শাখায় অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক ছিলেন। নিহত আনিসুর জামালপুর সদর উপজেলার শাহবাজপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আনিসুর রহমান মোটরসাইকেলে করে রাত ৮টার দিকে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বিনন্দেরপাড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি দ্রুতগামী ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহব্বত কবির জানান, দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আনিসুর রহমানের মৃত্যু হয়। এ সময় দ্রুত ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালক পালিয়ে যায়।

No comments