পানি খাওয়া নিয়ে তর্ক-বির্তকের জেরে যুবককে গুলি করে হত্যা | Bogura TV | বগুড়া টিভি
কক্সবাজারের মহেশখালীতে পানি খাওয়াকে কেন্দ্র করে সোহেল (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবক একই এলাকার ওসমান গণির ছেলে। সে পেশায় ফিশিং বোটের শ্রমিক।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টায় উপজেলার বড় মহেশখালীর মগরিয়া কাটা নামক এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত চক্রবর্তী।
নিহতের পরিবার জানায়, বুধবার সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপের খেলা চলাকালীন সময়ে চায়ের দোকানে পানি খাওয়াকে কেন্দ্র করে এহসান ও সোহেলের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জেরে বৃহস্পতিবার সকালে এহসান ও তার লোকজন সোহেলের উপর হামলা চালায়।
এ সময় এহসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ধারালো দেশীয় অস্ত্র দিয়ে বেশ কয়েকজনকে কুপিয়ে আহত করে। এ সময় এহসানের গুলিতে সোহেলের মৃত্যু হয়। এ ঘটনা চলাকালে এলাকার কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি ভুক্তভোগীদের।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেল নামে এক যুবককে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পরিদর্শন করেছে মহেশখালী থানা পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে মহেশখালী থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।
এই ঘটনায় আহতদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments