শিরোনাম

জয়পুরহাটে পিকআপ ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১ | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

জয়পুরহাটে খালি পিকআপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার মামলায় একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট র‌্যাব-৫, সিপিসি-৩ ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক। 

মেজর শেখ সাদিক বলেন, মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে নাশকতা মামলার আসামি হাসান বশরীকে (৩৮) জয়পুরহাট জেলার সদর উপজেলার তেঘর ভিসা এলাকা থেকে গ্রেপ্তার করেছে। হাসান বশরী সদর উপজেলার পাঁচুর চক এলাকার ফজলুল হকের ছেলে। এ ঘটনায় এই পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার বিনসাড়া এলাকায় সড়কে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত এসে পিকআপে ইটপাটকেল ও পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই ঘটনায় রোববার (১৯ নভেম্বর) সকালে গাড়ির মালিক বিপ্লব হোসেন মন্ডল বাদী হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষকদল নেতা লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদুল হক আদনানসহ ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০ থেকে ৩৫ জন বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেছেন।

মামলার পরই মাসুদ রানা (৫০) নামে ইউনিয়ন বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

No comments