শিরোনাম

জামিনের পর কারাফটক থেকে ফের গ্রেপ্তার ছাত্রদল নেতা | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

পুলিশের ওপর হামলা ও নাশকতা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানকে কারাগারের ফটক থেকে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে জেলা কারাগার থেকে বের হওয়া মাত্রই তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান।

জানা গেছে, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২ সেপ্টেম্বর দুপুরে শহরের সজ্জনকান্দা এলাকায় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসা থেকে মিছিল বের করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের পান্না চত্বর ঘুরে আবার আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসায় ফিরছিল। এ সময় কোর্ট চত্বর মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান দলটির নেতাকর্মীরা। এতে ৮ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনায় ওই দিন রাতে রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা বাদী হয়ে ১১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২ হাজার ২০০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় গত ১৪ নভেম্বর দুপুরে র‌্যাব-১০-এররাজবাড়ীর  রোমানকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করে। পুলিশ রোমানকে আদালতে পাঠালে তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

রোববার (১৯ নভেম্বর) ওই মামলায় জামিন পেয়ে সন্ধ্যা পৌনে ৭ টার দিকে জেলা কারাগার থেকে বের হন রোমান। তবে কারা ফটকের সামনে থেকে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. এসরাকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রোমানকে ফের গ্রেপ্তার করে গাড়িতে করে থানায় নিয়ে যায়।

রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি আসলাম মিয়া বলেন, ‘যে মামলায় রোমানকে গ্রেপ্তার করা হয়েছিল, সেটি একটি মিথ্যা মামলা ছিল। আমার জানা মতে, রোমানের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই। 

যদি কোনো মামলা থাকত তাহলে তাকে শ্যোন অ্যারেস্ট দেখাত। সদ্য জামিন পাওয়া একজন বিপ্লবী ছাত্র নেতাকে জেলগেট থেকে যেভাবে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এর চেয়ে ন্যক্কারজনক ঘটনা আর হয় না। আবার এখন হয়তো কোনো গায়েবি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এসব মিথ্যা-গায়েবি মামলা দিয়ে হয়রানি করে বিএনপির নেতাকর্মীদের দমানো যাবে না।’

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, রোমানের বিরুদ্ধে আগের একটি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

No comments