শিরোনাম

বগুড়ায় পুলিশের বিরুদ্ধে মাদকসেবীকে ছেড়ে দেয়ার অভিযোগ | Bogura TV | বগুড়া টিভি


ফয়সাল হোসাইন সনি, বগুড়া টিভি

বগুড়ার আদমদীঘিতে মাদক ও জুয়ার আসর থেকে চারজনকে আটকের পর একজনকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে আদমদিঘী থানা পুলিশের বিরুদ্ধে, পুলিশ বলছে আরিফুল মাদক সেবন করেনি। 

সোমবার (২৭ নভেম্বর) দুপুর আনুমানিক ২ টার সময় আদমদীঘি সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেনের আদেশে ৩ জন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে চারদিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ডিত করা হয়।

মাদক সেবনের অপরাধে দণ্ডিতরা হলো- আদমদিঘী উপজেলার চাঁপাপুর বাজারের আফছার প্রামানিকের ছেলে ফারুক হোসেন (২৮), আফিছ উদ্দিনের ছেলে আব্দুর রশিদ (২৮) ও তাইজুল হোসেনের ছেলে একরাম হোসেন (২৫)।

অভিযোগ উঠেছে, একসঙ্গে চারজনকে আটকের পরদিন আরিফুল ইসলাম নামের ১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ। উপজেলার চাঁপাপুর বাজারের নিমতলা এলাকায় এমরান হোসেনের টিনসেড ঘরে পেশাদার মাদক কারবারি ও জুয়াড়িরা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও তাসের মাধ্যমে জুয়ার আসর চালিয়ে আসছিল।

রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আদমদিঘী থানার উপ-পরিদর্শক হজরত আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সেই টিনের ঘর থেকে ফারুক হোসেন, আব্দুর রশিদ, একরাম হোসেন ও আরিফুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়। পরদিন আরিফুলকে ছেড়ে দিয়ে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পুলিশ।

এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিতদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। তবে যাকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে তাকে মুছলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে এবং বাকী ৩ জনের তথ্য মতে সে মাদক সেবন করে নাই, এই কারণেই তাকে ছেড়ে দেয়া হয়। আমরা থানা পুলিশ সততার সাথে কাজ করি, পুলিশের চাকরি একটা মহান পেশা, পুলিশের পোশাক পড়ে একজন নিরপরাধ মানুষকে সাজা দিতে পারি না।

No comments