শিরোনাম

সাবেক প্রতিমন্ত্রীর দুই সমর্থককে কুপিয়ে জখম | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

পটুয়াখালী-৪ আসনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুবুর রহমান তালুকদারের দুই কর্মী মনির (৫০) ও অসীম (৫০) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় কলাপাড়া পৌর শহরের গোডাউন ঘাট এলাকায় ওই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মনির উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও অসীম স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাহাবুব তালুকদারের মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে ওই দুই নেতা বালিয়াতলী থেকে কলাপাড়ার উদ্দেশ্যে আসছিল। এ সময় গোডাউন ঘাট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের কুপিয়ে জখম করে।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে।

কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহাবুব তালুকদার জানান, গত ৫ বছর ক্ষমতায় থেকে বর্তমান এমপি মহিববুর রহমান এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন এ ঘটনা তারই প্রতিফলন। স্বতন্ত্র ভাবে নির্বাচন করবো এ খবর পেয়ে মহিববুর রহমানের প্রতিপালিত সন্ত্রাসীরা ওই ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে তিনি প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিববুর রহমান বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। যেটি ঘটেছে আমার মনে হয় তাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। শেখ হাসিনার মনোনয়ন নিয়ে নির্বাচনের অংশগ্রহণ করব। নির্বাচন বানচাল করার লক্ষ্যে প্রতিপক্ষ অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে আমাদের সুনাম নষ্ট করতে চাইছে।  

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কুতুবুল আলম বলেন, নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের জন্য ইতিমধ্যে আমাদের ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব দেয়া হয়েছে। তারা মাঠে কাজ করছেন। আমি সংশ্লিষ্ট দুই পক্ষের সঙ্গে কথা বলেছি পুলিশ সুপার ও কথা বলেছেন।

দুই পক্ষকেই মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সুপারকে অনুরোধ করা হয়েছে।

No comments