শিরোনাম

মাকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নিহত | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

মৌলভীবাজারের কমলগঞ্জে মাকে ডাক্তার দেখিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার সময় রুয়েল বখত (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের হোমের জান মাটিয়া মসজিদ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুয়েল বখত উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের মৃত নুরুজ বখতের ছেলে এবং আদমপুর বাজারের কাপড়ের ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, বুধবার বিকেলে রুয়েল বখত তার মাকে নিয়ে ডাক্তার দেখাতে যান। ডাক্তার দেখিয়ে ঔষধপত্র নিয়ে নিজ এলাকায় রাত ১১টার দিকে আসার পথে উপজেলার আদমপুর ইউনিয়নের মাটিয়া মসজিদ নামক এলাকার উপজেলা-আদমপুর সড়কের মাঝে হঠাৎ সিএনজি অটোরিকশার চাকা খুলে গেলে পাশের কৃষি জমিতে উল্টে পড়ে যায়। এসময় সিএনজিতে থাকা রুয়েল ও তার মা আহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রুয়েলকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রুয়েল বখতকে মৃত ঘোষণা করেন। মা কিছুটা আহত হলেও সুস্থ আছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী সড়ক দুর্ঘটনায় রুয়েল বখতের মৃত্যুর বিষয়টি জানিয়েছেন।

No comments