সন্ত্রাসের জন্য বিএনপিকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সেজন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
শনিবার (৪ নভেম্বর) সকালে নগরের আম্বরখানা এলাকায় একটি চেইনশপ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাস করছে সেজন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে। আমরা শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন করতে চাই। জনগণ ভোট দিলে আমরা আবার ক্ষমতায় আসবো, না দিলে আসবো না।
ড. এ কে আবদুল মোমেন বলেন, বিএনপি এক ব্যক্তিকে প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টা সাজিয়ে দেশে অশান্তি সৃষ্টির পায়তারা করেছিল। শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে তারা ২৮ অক্টোবর জ্বালাও-পোড়াও করেছে। পুলিশ-সাংবাদিকে নির্যাতন করেছে, হত্যা করেছে, আগুন সন্ত্রাস করেছে। তাদের হাত থেকে হাসপাতালও রক্ষা পায়নি।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। দেশ ও জনগণের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই।
এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মীনী সেলিনা মোমেন, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট নগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হেলেনা আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

No comments