শিরোনাম

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব গ্রেপ্তার | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে নারায়ণগঞ্জে অবরোধ সমর্থনে মিছিল বের করার চেষ্টাকালে মহানগর বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) সকাল পৌনে ৯টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নেতার নাম আবু ইউসুফ টিপু। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব।  

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল পৌনে নয়টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালের সামনে মিছিল বের করার জন্য মহানগর বিএনপির সদস্য সচিব আবু ইউসুফ টিপুসহ নেতা-কর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করে। এসময় সদর মডেল থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সেখানে থাকা অন্য নেতা-কর্মীরা পালিয়ে যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, কেন্দ্রীয় লঞ্চ টার্মিনালে নাশকতা করার সময় মহানগর বিএনপির সদস্য সচিব টিপুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে।

এদিকে, আড়াইহাজারে সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও বিএনপির সিনিয়র নেতা-কর্মীদের মুক্তি দাবিতে দলীয় কর্মসূচি অবরোধ পালন করছে আড়াইহাজার উপজেলা বিএনপি। বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ছয়টায় আড়াইহাজারের কান্দাইলের বাইপাস ঢাকা-সিলেট মহাসড়কে মহাসড়কে মিছিল ও আগুন জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে দলটির নেতা-কর্মীরা।

No comments