শিরোনাম

কাউকে নিয়োগ দিয়ে, কেউ টাকার বিনিময়ে নাশকতা করছে | Bogura TV | বগুড়া টিভি




বগুড়া টিভি ডেস্কঃ

কাউকে নিয়োগ দিয়ে, আবার কেউ টাকার বিনিময়ে নাশকতার কাজ করছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ড. খ মহিদ উদ্দিন।

বুধবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, অবরোধ কর্মসূচিকে বাস্তবায়নে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সাধারণ মানুষকে ভীত করতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। কেউ কেউ দলীয় পরিচয় থেকে এই দায়িত্ব পালন করছে। কাউকে নিয়োগ দেওয়া হয়েছে, আবার কেউ টাকার বিনিময়ে কাজ করছে।

মুগদা এলাকা থেকে গ্রেপ্তার ছাত্রদল নেতা শামিম মাহমুদের বিষয়ে তিনি বলেন, শামীম বিএনপির মহাসমাবেশ ও পরবর্তীতে নাশকতার মূল পরিকল্পনাকারী এবং নাশকতায় সক্রিয়ভাবে জড়িত। তার নেতৃত্বে ২৮ অক্টোবর পল্টনে এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, রাজধানীর পল্লবীতে পার্কিং করা একটি বাসে অগ্নিসংযোগকারী মারুফকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিএনপি নেতা সাজ্জাদ কাউন্সিলর ও জসিমের নির্দেশে কেরোসিন ঢেলে বাসে আগুন দেওয়া হয়। এই কাজের জন্য তাকে ৩ হাজার টাকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানীর কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষটি বিস্তৃত হয়ে বিএনপির সমাবেশের কাছে চলে আসে এবং একপর্যায়ে ফের সংঘর্ষ শুরু হয়। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।

ভয়াবহ এই সংঘর্ষে একজন পুলিশ সদস্য ও একজন রাজনৈতিক কর্মী নিহত হয়েছেন। এ ছাড়া ৪১ জন পুলিশ সদস্য ও ২৮ জন সাংবাদিকসহ আরও অনেকে আহত হয়েছেন। পুলিশের হিসাবে, ৫৫টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বেশ কয়েকটি পুলিশ বক্স পোড়ানোর পাশাপাশি প্রধান বিচারপতির বাসভবনেও হামলা চালানো হয়।

এসব ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা ও দলটির শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তার করা হয়। এরপর ২৯ অক্টোবর থেকে দফায় দফায় হারতাল ও অবরোধ কর্মসূচি দিয়ে আসছে বিএনপি। গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ১১৮টি বাসসহ মোট ১৮৫টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

No comments