শিরোনাম

বগুড়ায় বিদ্যুৎ শ্রমিকদের অবহেলায় শিশু শিক্ষার্থীর মৃত্যু! অভিযোগ করেনি পরিবার | Bogura TV | বগুড়া টিভি



আজাদুর রহমানঃ

বগুড়ার ধুনট উপজেলায় নির্মাণাধীন বিদ্যুৎ সঞ্চালনের তারের ওপর থেকে ছিটকে পড়ে বেলাল হোসেন (৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত বেলাল হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামের আব্দুল মোতালেব পরশের ছেলে। সে শ্যামগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।  

স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেনের বাড়ির পাশ দিয়ে পাওয়ার গ্রিড অব বাংলাদেশ কোম্পানির নির্মাণাধীন বৈদ্যুতিক টাওয়ারের তার টানানোর কাজ চলছে। গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকাল ৫ টায় বেলাল হোসেন তার খেলার সাথীদের নিয়ে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারের ওপর বসে খেলা করছিল।

এ সময় কারিগরদের অগোচরে দূর থেকে যন্ত্রের মাধ্যমে সেই তার টাওয়ারের সাথে টানানোকালে তারের ওপর থেকে ছিটকে পড়ে বেলাল আহত হয়। 

এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় সে মারা যায়।

এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর থানায় অস্বাভাবিক (ইউডি) মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। এ ঘটনায় পরিবারের কোন অভিযোগ নেই। আইনী প্রক্রিয়া শেষে বেলালের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

No comments