নড়াইলে পৌর মেয়রের গাড়ি দুর্ঘটনার কবলে, চালক নিহত | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
নড়াইলে পৌর মেয়র আঞ্জুমান আরার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এতে পৌর মেয়রের চালক সুজন কর্মকার (৩৮) নিহত হয়েছেন।
রোববার (৫ নভেম্বর) বেলা দেড়টার দিকে শহরের ভওয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় পৌর মেয়র আঞ্জুমান আরা (৫৫), কাউন্সিলর ইপি রানী বিশ্বাস (৪৫), পৌরসভার হিসাবরক্ষক সাইফুজ্জামান (৪৮) ও সঙ্গীয় মেশকাত লিটু আহত হয়েছেন।
জানা যায়, এদের মধ্যে গুরুতর আহত পৌর মেয়রকে উন্নত চিকিৎসার জন্য যশোর প্রেরণ করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। নিহত সুজন মহিষখোলা এলাকার নিরাপদ কর্মকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, পৌর মেয়রের নিয়মিত গাড়ি চালক ছুটিতে থাকায় অস্থায়ীভাবে চালক সুজন কর্মকারকে নিয়োগ দেওয়া হয়। আজ (৫ নভেম্বর) দুপুরে ভওয়াখালীর বাহিরডাঙ্গা এলাকায় একটি প্রকল্পের কাজ পরিদর্শন শেষে ফেরার পথে গাড়িচালক নিয়ন্ত্রণ হারালে একটি বাড়ির দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগে।
এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক সুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

No comments