শিরোনাম

গাজীপুরে পুলিশ-শ্রমিক সংঘর্ষ এএসপিসহ আহত ২ বিজিবি মোতায়েন | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকার বেতন বাড়ানোর দাবিতে আজও আন্দোলন করছেন পোশাক শ্রমিকেরা। এসময় শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। 

এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপারসহ (এএসপি) এক পরিদর্শক আহত হন।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলার সদর উপজেলার উপজেলার গড়াগড়িয়া মাস্টারবাড়ির নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, ১২ দিন যাবৎ বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন শ্রমিকরা। শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার নতুন বাজার এলাকার এসএম নিট গার্মেন্টসের শ্রমিকরা আন্দোলন শুরু করেন। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। 


উত্তেজিত শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে। পরে পুলিশ শ্রমিকদের ঠেকাতে সাউন্ড গ্রেনেড, টিয়ারসেলসহ গুলি ছুঁড়লে আন্দোলনকারী শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
 
এসময় শ্রমিকদের ছোঁড়া ইটের আঘাতে গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর সাব-জোনের সহকারী পুলিশ সুপার মো. আসাদ, পরিদর্শক আবদুর নুরসহ কয়েকজন আহত হন।

No comments