মাদারীপুরে বাসচাপায় নিহত ১, আহত ৩ | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
মাদারীপুরের রাজৈরে বাসচাপায় একজন নিহত হয়েছেন। এসময় নারীসহ আহত হয়েছেন আরো ৩ জন। মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার কামালদি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন কুণ্ডু (৪২) মাদারীপুর সদর উপজেলার সমাদ্দার এলাকার বাজিতপুর গ্রামের আশুতোষ কুণ্ডুর ছেলে।আহতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরের সজল বেপারী (৩৫), তার স্ত্রী সুমাইয়া বেগম (২২) ও একই এলাকার ইজিবাইক চালক শাহাবুদ্দিন ফকির (৫০)। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মস্তফাপুর থেকে যাত্রী নিয়ে রাজৈরের দিকে আসছিল ইজিবাইকটি। পথিমধ্যে ঢাকা থেকে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই খোকনের মৃত্যু হয়।
পরে ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় প্রেরণ করেন। এদের মধ্যে শাহাবুদ্দিন ফকিরের অবস্থা আশঙ্কাজনক।
মস্তফাপুর হাইওয়ে থানার সাধুরব্রিজ ফাঁড়ির এসআই বিজয় প্রসাদ রায় জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments