চেয়ারম্যান-সচিবের সিল বানিয়ে প্রতারণার অভিযোগে ছাত্রলীগ নেতা কারাগারে | Bogura TV | বগুড়া টিভি
জামালপুরের ইসলামপুর পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান-সচিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নামে সিল ও তাদের ভুয়া স্বাক্ষর ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম মিনাল শেখ (২০)। তিনি মিনাল শেখ ইসলামপুর সদর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে ইসলামপুর থানা-পুলিশের দায়ের করা মামলায় আদালতে হাজির করা হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক।
পুুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর থানা ভবন সংলগ্ন জেকি ভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে থানার এসআই তারেক আহমেদ বাদী হয়ে জনপ্রতিনিধি ও সচিবদের ব্যবহৃত সিল তৈরি করে অবৈধভাবে ব্যবহার করার অপরাধে জালিয়াতি মামলায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ১২ ইউপি চেয়ারম্যান-সচিব, পৌর মেয়র-সচিবসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তার নামের নকল সিল বানিয়ে ব্যবহার করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে ইসলামপুর থানা ভবন সংলগ্ন জেকি ভবনে মিনাল কম্পিউটার ও ফটোকপি দোকানে ইসলামপুর থানা পুলিশের একটি দল অভিযান চালায়।
এ সময় ইউপি চেয়ারম্যান, সচিব, পৌর মেয়র এবং পৌর সচিবের নামে ১৯টি নকল সিল জব্দ করা হয়। এ সময় দোকানের স্বত্বাধিকারী ছাত্রলীগ নেতা মিনাল শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বাদী এসআই তারেক আহমেদ বলেন, মিনাল শেখ দীর্ঘদিন ধরে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান-সচিব এবং পৌর মেয়র ও সচিবের নকল সিল ব্যবহার করে সাধারণ মানুষের কাছে অর্থ হাতিয়ে নিয়ে আসছিল মিনাল শেখ। টাকার বিনিময়ে সে কখনো ইউপি চেয়ারম্যান ও সচিব সেজে পরিচয়পত্র, জন্ম নিবন্ধনে সিলমোহর দেওয়াসহ নিজেই নকল স্বাক্ষরও দিয়েছে।
বেলগাছা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক বলেন, কম্পিউটার ও ফটোকপির ব্যবসার আড়ালে মিনাল শেখ দীর্ঘদিন ধরে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, সচিব এবং পৌর মেয়র ও সচিবের সিল বানিয়ে নিজেই ব্যবহার করে আসছে। একজন ছাত্রলীগ নেতা যদি জনপ্রতিনিধিদের ও সচিবদের স্বাক্ষর এবং সিলমোহর ব্যবহার করে, তাহলে আমাদের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া দরকার কী?
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে মিনাল শেখকে আদালত সোপর্দ করা হলে আদালত তাকে জেলা কারাগারে প্রেরণ করেছে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন তালুকদার বলেন, মিনাল শেখের দোকান থেকে কাঠের চেয়ার, সিলমোহরসহ চেয়ারম্যানের স্বাক্ষর জাল ভোটার নিবন্ধন ফরম এবং দুইটি অঙ্গীকার নামার ফটোকপি উদ্ধার করা হয়েছে।
ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান বলেন, জরুরি সভা ডেকে প্রতারণার দায়ে গ্রেপ্তারকৃত মিনাল শেখের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

No comments