শিরোনাম

হিলিতে কমেছে পেঁয়াজ, আলুসহ শীতকালীন সবজির দাম | Bogura TV | বগুড়া টিভি



বগুড়া টিভি ডেস্কঃ

দিনাজপুরের হিলিতে এক সপ্তাহের ব্যবধানে কমেছে আলু, পেঁয়াজ, আদা, রসুনসহ বিভিন্ন শীতকালিন সবজির দাম।

বর্তমানে ভারতীয় আলু কেজি প্রতি ২ টাকা কমে হিলি স্থলবন্দরের পাইকারি মোকামে বিক্রি হচ্ছে ২৮ টাকা। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা কমে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮৫ টাকায়।

দেশি পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা কমে ১০০ টাকায়, আদা কেজি প্রতি ২০ টাকা কমে ১৬০ টাকায় এবং রসুন কেজি প্রতি ১০ টাকা কমে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত কমেছে শীতকালীন সবজির দাম।

দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। বুধবার (২৯ নভেম্বর) দুপুরে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, দেশে হরতাল, অবরোধ চলার কারণে কৃষকরা দেশের বিভিন্ন স্থানে সবজি সরবরাহ করতে পারছেন না। যার ফলে হিলি বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এই কারণে কমেছে দাম। আগের থেকে কেনাবেচা বেড়েছে। মানুষ কম দামে সবজি কিনতে পেরে অনকেটাই খুশি।

হিলি কাস্টমসের তথ্যমতে, মঙ্গলবার ভারতীয় ৩১ ট্রাকে ৮০০ টন আলু এবং ভারতীয় ১৪ ট্রাকে ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

No comments