শিরোনাম

বিএনপি-জামায়াতের সে সময় আর ফিরে আসবে না, মোরশেদ আলম এমপি | Bogura TV | বগুড়া টিভি


বগুড়া টিভি ডেস্কঃ

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনের সংসদ সদস্য ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোরশেদ আলম এমপি বলেছেন, বিএনপি-জামায়াতের সে সময় আর কখনও ফিরে আসবে না। জ্বালাও-পোড়াও করে আর লাভ হবে না। এখনও সময় আছে, বিরোধীদের সঠিক পথে ফিরে আসার আহ্বান জানাচ্ছি।

সোমবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবরোধের নামে নৈরাজ্য সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ছমিরমুন্সির হাটে এক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে মোরশেদ আলম এমপি বলেন, আগামী নির্বাচন বেশি দূরে নয়। সাধারণ মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যেতে হবে। দেশের সামগ্রিক উন্নয়নের চিত্র তুলে ধরে ভালো আচরণের মাধ্যমে ভোটারদের মন জয় করে ভোট চাইতে হবে। প্রধানমন্ত্রী এবার একটি সুন্দর নির্বাচন উপহার দেবেন।

দেশের যে উন্নয়ন আওয়ামী লীগ করেছে তাতে সাধারণ মানুষ নৌকাকে ভোট দেবে বলেও বিশ্বাস করেন নোয়াখালী-২ আসনের এই সংসদ সদস্য।

তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি-জামায়াতের অবরোধ শেষ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবিলা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শান্তি সমাবেশের আগে একটি প্রতিবাদ মিছিল পশ্চিম বাজারের লায়ন জাহাঙ্গীর আলম মানিক কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সহসাধারণ সম্পাদক মো. গোলাম কবির, পৌর আওয়ামী লীগের সভাপতি আ স ম জাকারিয়া আল মামুন, সাধারণ সম্পাদক সাহজাহান পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা সামছুদ্দিন রিয়াদ বক্তব্য রাখেন।

No comments