প্রতিমন্ত্রীর বাড়িতে আ. লীগের সভায় বিএনপি নেতাদের ভূরিভোজ | Bogura TV | বগুড়া টিভি
সরকার পতন আন্দোলনে একের পর এক যখন কর্মসূচি দিচ্ছে বিএনপি। তখন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়ে সুপারিশ ও উপদেশ মূলক অনুষ্ঠানের ভূড়িভোজে যোগ দিয়ে আলোচনা এসেছেন নাটোরের সিংড়া উপজেলা বিএনপির শীর্ষ পর্যায়ের দুই নেতাসহ অন্তত ৮ জন বিএনপিপন্থী আইনজীবী।
সিংড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়ে ধারাবাহিকভাবে জেলা ও উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এবং সংগঠনের সঙ্গে সুপারিশ ও উপদেশ সংক্রান্ত মতবিনিময় সভা করে আসছেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য।
তাদের উপস্থিত থাকার পাশাপাশি ভূড়িভোজের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। যা নিয়ে তীব্র আলোচনা চলছে জেলার রাজনৈতিক অঙ্গনে। দলীয় নেতাদের এমন কাণ্ডে ক্ষুব্ধ বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, বিএনপি যখন লড়াই সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে তখন এসব কতিপয় বিতর্কিত ব্যক্তিবর্গের কারণে মাঠপর্যায়ের কর্মীদের মনোবল নষ্ট হচ্ছে।
বিএনপির নেতা-কর্মীরা যখন মিথ্যা মামলায় গ্রেপ্তার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছে ঠিক তখন প্রতিমন্ত্রীর সঙ্গে এক টেবিলে বসে আথিতেয়তা গ্রহণ করা দলের সঙ্গে বেঈমানীর সুস্পষ্ট প্রকাশ। বিষয়টিকে অত্যন্ত লজ্জাজনক বলে ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ নেতা-কর্মীরা।
জেলার কতিপয় নেতৃবৃন্দের মাধ্যমে অযোগ্য ও দলের প্রতি অনুগত নয় এমন ব্যক্তিদের নিয়ে কমিটি গঠনের ফলেই এমনটা ঘটছে বলে অভিযোগ করেন অনেকে।
প্রকাশ পাওয়া ছবিগুলোতে দেখা যায়- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বাসভবনে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভা শেষে রাতের খাবার খাচ্ছেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ দুই নেতা। সেখানে পৌর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আলী আজগরের খাবার টেবিলের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মজিবুর রহমান মন্টু জানান, তাদের ভুল বুঝিয়ে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তাছাড়া সিংড়ার আইনশৃঙ্খলা ও সৌজন্যতামূলক আলোচনার জন্য সিংড়ার আইনজীবীদের দাওয়াত দেয়া হয় প্রতিমন্ত্রীর বাসভবনে। সেখানে বিএনপি ও আওয়ামী লীগ পন্থী আইনজীবীরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, আলোচনা সভাটি যে আওয়ামী লীগের ইশতেহার বিষয়ে হচ্ছে তা আগে জানলে যেতাম না।
এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ জানান, ঘটনার রাতেই ছবিগুলো আমাদের নজরে এসেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যে তারা নেতৃত্ব স্থানে থেকে চলমান আন্দোলনে সম্পৃক্ত না হয়ে আওয়ামী লীগের প্রতিমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে সেখানে গেছেন। এটা কোনো ভাবেই মেনে নেয়া যায় না। আমরা অতিসত্বর তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করব।
প্রসঙ্গত, গত ১২ নভেম্বর রাতে সিংড়া উপজেলার আইনজীবী ও চিকিৎসকদের সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার প্রণয়ন সংক্রান্ত বিষয়ে সুপারিশ ও উপদেশ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০, নাটোর-৩, সিংড়া আসনের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারসমূহ পূরণ, মূল্যায়ন, পর্যালোচনা শীর্ষক ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগের নেতা-কর্মীরা

No comments