শিরোনাম

নরসিংদী গরুর ফার্ম থেকে কর্মচারীর গলাকাটা লাশ উদ্ধার | Bogura TV | বগুড়া টিভি

 

বগুড়া টিভি ডেস্কঃ

নরসিংদীর রায়পুরায় একটি গরুর ফার্ম থেকে সোহাগ মিয়া (৩৫) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার  দুপুর ১২ টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী বাজারে মাশাআল্লাহ ডেইরি গরুর ফার্ম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সোহাগ কিশোরগঞ্জের কুলিয়ারচর বিথিয়ারকান্দি এলাকার শাহিদুল ইসলামের ছেলে। তিনি এক বছর যাবত রায়পুরার মাশাআল্লাহ ডেইরি গরুর ফার্মে কাজ করতেন।

পুলিশ জানায়, রায়পুরায় হুমায়ন কবিরের গরুর ফার্মের ভেতরে রক্তাক্ত একটি মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

সেখান থেকে সোহাগ মিয়ার মরদেহ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান।

ঘটনার প্রত্যক্ষদর্শী ফার্মের অপর কর্মচারী রকিব বলেন, ‘‘সোহাগ ঘটনার আগের রাতে সারারাত জেগে ছিলেন। সকাল বেলায় বলছে, তার নাকি ভালো লাগছে না।

আমার স্ত্রী সন্তান মেরে ফেলেছে, আমি বেঁচে থেকে লাভ কি? এসব কথা বলে বারবার হাটাহাটিকরছিল। তখন তার মধ্যে এক ধরনের অস্থিরতা দেখা যায়। হঠাৎ দেখতে পাই সে একটি ব্লেড ও দুইট সুই নিয়ে হাটছে।


পরে দেখি তার নিজের গলায় ব্লেড দিয়ে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণ দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করি।

নিহতের স্ত্রী মোসেনা বলেন, সৎ ভাই বোনেরা বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই আমাকে ও আমার সন্তানদের অত্যাচার ও মারধর করতো। এসব বিষয় গুলো তাকে জানাই। এ নিয়েই মূলত তিনি মানসিক চাপে ছিলেন। বৃহস্পতিবার সকালে খবর পাই সে মারা গেছে ।

রায়পুরা থানার ওসি আজিজুর রহমান বলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে জমিসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক কিছুটা ঝামেলা ছিল। গলায় ব্লেডের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

No comments