সড়ক দুর্ঘটনা ,পাশাপাশি দাফন হলো বাবা-ছেলে ও নাতনি | Bogura TV | বগুড়া টিভি
বগুড়া টিভি ডেস্কঃ
ঢাকা-রাজশাহী মহাসড়কের পুঠিয়ার বেলপুকুর এলাকায় অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নাটোরের নিহত ৫ জনের মধ্যে একই পরিবারের ৩ জনের দাফন সম্পন্ন হয়েছে। পরিবারের অন্য এক সদস্যের জানাজা বেলা ১১টায় ও অটোরিকশা চালকের জানাজা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
রোববার (২৬ নভেম্বর) সকাল ৯টার দিকে গুরুদাসপুর উপজেলার চককান্তপুর পশ্চিমপাড়া গ্রামের ঈদগাহ মাঠে দুর্ঘটনায় নিহত একই পরিবারের ৪ জনের ৩ জন ইউনুস আলী, তার ছেলে লাবু হোসেন ও নাতনি শারমিন খাতুনের জানাজা নামাজ শেষে চককান্তপুর পশ্চিমপাড়া গোরস্থানে তাদের দাফন করা হয়। জানাজা নামাজ পড়ান নিহত ইউনুস আলীর নাতি হাফেজ সাইফুল ইসলাম।
অন্যদিকে একই পরিবারের ইউনুস আলীর মেয়ে পারভিন খাতুনকে বেলা ১১টায় স্বামীর বাড়ি গুরুদাসপুর উপজেলার খীদির চাপিলা গ্রামে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন চাপিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য (মেম্বর) আব্দুর রহমান।
অপরদিকে নিহত সিএনজিচালিত আটোরিকশা চালক মোখলেসুর রহমানকে বেলা সাড়ে ১১টায় একই ইউনিয়নের মুকিমপুর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজা শেষে ওই গোরস্থানেই দাফন করা হয়েছে জানান চাপিলা ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য (মেম্বর) মো. রবিন ইসলাম।
এরআগে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শনিবার দিবাগত রাত ২টার দিকে গুরুদাসপুর উপজেলার চককান্তপুর গ্রামে নিয়ে আসা হয়। সেখান থেকে রাতেই পারভিন খাতুনের মরদেহ তার স্বামীর বাড়ি চাপিলায় ও অটোরিকশাচালক মোখলেসুর রহমানকে মুকিমপুর গ্রামে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।

No comments